দেশে হামের সংক্রমণ পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানা যায়, ২ এপ্রিল সকাল ৮টা থেকে ৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে হাসপাতালে ভর্তি সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪৭। এর মধ্যে নিশ্চিত রোগী ৪২ জন। একই সময়ে সন্দেহজনক মৃত্যু হয়েছে তিনজনের।
তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ জনে। আর গত ১৯ দিনে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৭৯২ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি আগামী রোববার থেকে দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন।
সবুজ বাংলা ডিজিটাল রিপোর্ট 























