গণসংহতি আন্দোলনের ‘প্রধান সমন্বয়কারী’ পদ থেকে সরে যাচ্ছেন সংগঠনটির শীর্ষ নেতা জোনায়েদ সাকি। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
সংগঠনটির পক্ষ থেকে আজ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে আগামী শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকার হাতিরপুলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে। সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি নিজে উপস্থিত থাকবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে প্রধান সমন্বয়কারীর দলীয় দায়িত্ব বিষয়ে বিস্তারিত অবহিত করা হবে। এছাড়া অনুষ্ঠানে দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশিদ নীলু, মনির উদ্দীন পাপ্পু, ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, হাসান মারুফ রুমীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর ঢাকার সাভারে অনুষ্ঠিত সংগঠনটির পঞ্চম জাতীয় সম্মেলনে জোনায়েদ আব্দুর রহিম সাকি পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন। ওই সম্মেলনের সমাপনী অধিবেশনে ৫৫ সদস্যের নতুন নির্বাহী কমিটিও গঠন করা হয়।























