৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত সারাদেশে মোট ২৬ লাখ ৫০ হাজার ৩৯ জন শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, সরকারের লক্ষ্য রয়েছে মোট ১ কোটি ৮০ লাখ শিশুকে এই টিকার আওতায় আনা। এ কার্যক্রমের মাধ্যমে হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে বড় ধরনের অগ্রগতি অর্জনের আশা করা হচ্ছে।
এ সময় সরকারের খাল খনন কর্মসূচির অগ্রগতির তথ্য তুলে ধরে তিনি জানান, এ প্রকল্পের আওতায় মোট ১ হাজার ২৬০ কিলোমিটার খালের মধ্যে এখন পর্যন্ত ৫৬১ কিলোমিটার খনন সম্পন্ন হয়েছে, যা মোট অগ্রগতির প্রায় ৪৪ দশমিক ৫৫ শতাংশ।
আঞ্চলিক সাংস্কৃতিক উদ্যোগের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, আগামী বছর পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সমন্বয় করে নববর্ষ উদযাপনের পরিকল্পনা রয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং ভারত-এর কিছু অঞ্চলে একই সময়ে নববর্ষ উদযাপিত হয়। এ উপলক্ষে সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে একটি আঞ্চলিক বন্ধন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হতে পারে।
তিনি আরও বলেন, নওরোজ যেভাবে বিভিন্ন দেশে সম্মিলিতভাবে উদযাপিত হয়, তেমনি উদ্যোগ বাংলাদেশও নিতে চায়। এর মাধ্যমে সাংস্কৃতিক কূটনীতি জোরদার হবে এবং দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শু/সবা

























