আড়াই বছর পর আবার মাঠে গড়িয়েছে লাল বলের বাংলাদেশ ক্রিকেট লিগ। আর প্রথম দিনেই বড় মাইলফলক স্পর্শ করেছেন স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেট পূর্ণ করেছেন ২৬ বছর বয়সী এই বোলিং অলরাউন্ডার।
এক সময় জাতীয় দলের নিয়মিত মুখ হলেও, বর্তমানে একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন তিনি। বিষয়টিকে ‘দুর্ভাগ্য’ হিসেবে দেখছেন সাবেক জাতীয় অধিনায়ক ও কোচ রাজিন সালেহ। সিলেটে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নাঈম অবশ্যই ভালো বোলার, তবে একই পজিশনে মেহেদী হাসান মিরাজ থাকায় প্রতিযোগিতা কঠিন হয়ে গেছে।
রাজিন বলেন, মিরাজ পরীক্ষিত পারফরমার হওয়ায় নাঈমকে অপেক্ষা করতে হচ্ছে। তবে ভবিষ্যতে তার জন্য সুযোগ আসবে এবং সে জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সামনে বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট সিরিজ এবং পরবর্তীতে অস্ট্রেলিয়া সফর থাকায় বিসিএলকে গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন কোচ। তার মতে, এই টুর্নামেন্ট খেলোয়াড়দের টেস্ট ক্রিকেটের জন্য মানিয়ে নিতে সহায়তা করবে।
এছাড়া তরুণ অলরাউন্ডার তোফায়েল আহমেদ-এর প্রশংসা করে রাজিন বলেন, নিয়মিত পারফরম্যান্সের কারণে তাকে ভবিষ্যতের সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে দেখা হচ্ছে এবং জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত।
শু/সবা

























