উপজেলায় দাপ্তরিক কাজের জন্য অফিস বরাদ্দ পাওয়ার পর এবার যাতায়াতের সুবিধার কথা তুলে ধরে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সরকারি গাড়ির দাবি জানিয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, নির্বাচনি এলাকায় নিয়মিত যাতায়াতে ভাড়ার গাড়ি ব্যবহার করতে হওয়ায় একজন সংসদ সদস্য হিসেবে তা অনেক সময় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে একটি সরকারি যানবাহন বরাদ্দের বিষয়টি বিবেচনার জন্য তিনি সরকারের প্রতি অনুরোধ জানান।
তার এই দাবির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সরকারের বর্তমান ব্যয় সংকোচন নীতির বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই সংসদ সদস্যদের জন্য অতিরিক্ত সুযোগ-সুবিধা না দেওয়ার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় জ্বালানি ব্যয় কমানোসহ বিভিন্ন খাতে সাশ্রয়ী নীতি গ্রহণ করা হয়েছে। এমনকি সংসদ সদস্যদের জন্য ট্যাক্সমুক্ত গাড়ি সুবিধাও বাতিলের পরিকল্পনা রয়েছে।
তবে বিষয়টি একেবারে নাকচ না করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ও বিরোধী দলের সঙ্গে আলোচনা করে কোনো সমাধান বের করা যায় কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে।
এ সময় আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের নেতা ড. শফিকুর রহমান কিছুটা রসিকতার সুরে বলেন, তরুণ সংসদ সদস্যের এমন দাবির ক্ষেত্রে তাৎক্ষণিক ‘না’ বলার পরিবর্তে ইতিবাচক আশ্বাস দিলে ভালো হতো। তিনি বলেন, এমন কোনো সুখবরের আশায় তিনি মিষ্টি খাওয়ানোর প্রস্তুতিও নিয়েছিলেন, তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে কিছুটা ‘হোঁচট’ খেয়েছেন।
তার এই মন্তব্যে সংসদ কক্ষে হাসির রোল পড়ে। অধিবেশনের শেষদিকে স্পিকার স্মরণ করিয়ে দেন, বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
শু/সবা

























