ডেঙ্গু প্রতিরোধ কর্মপরিকল্পনার অংশ হিসেবে ফটিকছড়িতে জনসাধারণকে উদ্বুদ্ধ করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় নিজ নিজ কর্মক্ষেত্র, বাসস্থান ও সংলগ্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার পৌরসভাস্হ স্কয়ার ক্লিনিক সংলগ্ন এ উদ্বুদ্ধকরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এসময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। প্রশাসনের একার পক্ষে এটি সম্ভব নয়, তাই জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, যেখানে-সেখানে পানি জমে থাকতে দেওয়া যাবে না। বাসাবাড়ির ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ড্রাম, পানির ট্যাংকসহ যেকোনো স্থানে জমে থাকা পরিষ্কার পানি এডিস মশার বংশবিস্তারের জন্য ঝুঁকিপূর্ণ। তাই নিয়মিত এসব স্থান পরিষ্কার করতে হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে এ কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানিয়ে ইউএনও বলেন, আসুন, আমরা সবাই মিলে একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ফটিকছড়ি গড়ে তুলি।
শু/সবা


























