রাজধানীর নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ-কে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৬ মে) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার গত ৩০ এপ্রিল তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আসামির উপস্থিতিতে শুনানির জন্য এ দিন নির্ধারণ করা হয়।
শুনানির সময় আব্দুর রউফকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন।
ঘটনার পর নিহতের শ্যালক আব্দুর রব বাদী হয়ে ২১ আগস্ট নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের-সহ মোট ১৩০ জনকে আসামি করা হয়েছে।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 

























