আলোচিত ইসলামী বক্তা ও মারকাযু শাহাবুদ্দিন আল ইসলামী মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিয়ে করেছেন। বুধবার (৬ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে তিনি জানান, আল্লাহভীতি ও গোনাহ থেকে বাঁচার আকাঙ্ক্ষাই তাকে এ সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে। তিনি লিখেছেন, সমাজে অনেকেই অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়লেও তিনি সেই পথে না গিয়ে হালালের মধ্যেই থাকতে চেয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, তার এই সিদ্ধান্তে প্রথম স্ত্রীর কষ্ট হয়েছে, যা তাকে ব্যথিত করে। তবে তিনি বিশ্বাস করেন, এটি মানুষের তৈরি নিয়ম নয়, বরং ধর্মীয় বিধান অনুযায়ী নেওয়া সিদ্ধান্ত।
রফিকুল ইসলাম মাদানী জানান, বিষয়টি নিয়ে তিনি তার প্রথম স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন যেন তিনি বিষয়টি মেনে নিতে পারেন।
পোস্টের শেষ দিকে তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, যেন তিনি দুই পরিবারের প্রতি ন্যায়বিচার করতে পারেন এবং কারও অধিকার নষ্ট না করেন।
এদিকে, শরীয়াহভিত্তিক বিয়ে ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’-এর চেয়ারম্যান মুফতি মামুনুর রশিদ কাসেমী এক ফেসবুক পোস্টে জানান, রফিকুল ইসলাম মাদানীর সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে।
শু/সবা
সবুজ বাংলা ডিজিটাল রিপোর্ট 























