যুদ্ধবিরতি চলমান থাকা অবস্থায় দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় থাকা নৌযানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, হামলাগুলো ছিল ‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’ এবং ইরানি বাহিনীর সম্ভাব্য হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে।
সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখেই মার্কিন বাহিনী নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
দ্য নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, হামলাগুলো চালানো হয়েছে ইরানের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর শহর বন্দর আব্বাসের কাছাকাছি এলাকায়। হরমুজ প্রণালির নিকটবর্তী এই অঞ্চলটি ইরানের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি হিসেবে পরিচিত।
এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বিস্ফোরণের শব্দ শোনার বিষয়টি নিশ্চিত করে জানায়, স্থানীয় প্রশাসন ঘটনাটি তদন্ত করছে।
এদিকে হামলার সময়ই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছু অগ্রগতি হলেও সংঘাত নিরসনে এখনো কোনো চূড়ান্ত চুক্তি আসন্ন নয়।
তবে সর্বশেষ মার্কিন হামলার পর এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিশ্লেষকদের মতে, নতুন এই হামলা সম্ভাব্য শান্তি আলোচনা ও যুদ্ধবিরতির ভবিষ্যৎকে আরও অনিশ্চয়তার মুখে ফেলতে পারে।
শু/সবা
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 























