জাতীয় সংসদে বাংলাদেশ রেলওয়ের পুরোনো ও অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রেলওয়ের বিভিন্ন লাইনে ট্র্যাক পরিবর্তনের কাজ চলমান থাকায় পুরোনো রেলগুলো সাময়িকভাবে সংশ্লিষ্ট স্থানে সংরক্ষণ করা হয়। কাজ শেষে এসব রেল নির্ধারিত নিরাপদ স্থানে রাখা হয়।
তিনি বলেন, অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না, কারণ এগুলো রেলওয়ের বাঁধ সুরক্ষা (এমব্যাঙ্কমেন্ট প্রটেকশন) এবং অবৈধ লেভেল ক্রসিংয়ে রেলফেন্সিংয়ের কাজে ব্যবহৃত হয়। এতে রেলওয়ের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি বিপুল অর্থ সাশ্রয় হয়।
অন্যদিকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে মন্ত্রী জানান, দেশের জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে সংস্কার, সাইন-সিগন্যাল স্থাপন, স্পিডব্রেকার, জেব্রা ক্রসিং এবং রাম্বল স্ট্রিপ নির্মাণের কাজ চলছে।
তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ উদ্দেশ্যে ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প’ বাস্তবায়ন করা হচ্ছে, যার লক্ষ্য সড়ক দুর্ঘটনায় হতাহত ও গুরুতর আহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা।
মন্ত্রী জানান, পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নবায়নের আগে বাধ্যতামূলক রিফ্রেশার্স প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তার আশা, এই উদ্যোগ ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকদের কারণে সৃষ্ট দুর্ঘটনা কমাতে কার্যকর ভূমিকা রাখবে।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 





















