আগামী ২০ জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৫ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর একই মাসের শেষ সপ্তাহ থেকে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু করবে সরকার।
শিক্ষাব্যবস্থাকে সেশনজটমুক্ত করার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, ২০২৮ সালের পর থেকে এইচএসসি পরীক্ষার্থীদের আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমে অংশ নিতে পারবে। এতে শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয় হবে এবং উচ্চশিক্ষায় প্রবেশের প্রক্রিয়া আরও দ্রুত হবে।
পাঠ্যপুস্তক বিতরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিমার্জিত ও সংশোধিত নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে। ফলে নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীরা হাতে বই পাবে।
শিক্ষার্থীদের সার্বিক বিকাশের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শুধু শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে সহশিক্ষা কার্যক্রমেও বেশি গুরুত্ব দিতে হবে। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 
























