প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনকও বটে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। আজকের দিনের শেষে আমরা বিষয়টি সম্পর্কে আপনাদের জানাব।”
পররাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
দিল্লিতে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাহেদ উর রহমানের। এ উদ্দেশ্যে তিনি রোববার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
তবে কূটনৈতিকভাবে পূর্বে অবহিত করার পরও ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রথমে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়নি। পরে উচ্চ পর্যায়ের নির্দেশে অনুমতি দেওয়া হলেও তিনি দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন গত শুক্রবারই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উপদেষ্টার সফর ও বৈঠকে অংশগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছিল।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 




















