গত তিন বছরের বেশি সময়ে দেশের সড়ক দুর্ঘটনায় হতাহত ব্যক্তি ও তাদের পরিবারকে মোট ২১৩ কোটি ৫৬ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে সরকার। ২০২৩ সাল থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত সময়ে মোট ৫ হাজার ৮৪ জন সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তি ও নিহতদের পরিবার এই অনুদান পেয়েছে।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনের সপ্তম কার্যদিবসে এক সম্পূরক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী-এর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার।
সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, মোট ৩ হাজার ৮৮১ জন নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় আহত ৮২৯ জন এবং গুরুতর আহত আরও ৩৭৪ জন ব্যক্তি সরকারের এই কল্যাণ তহবিল থেকে সহায়তা পেয়েছেন।
মন্ত্রী জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে সরকার নিয়মিতভাবে এই আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এর মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সংকট কিছুটা লাঘব করার চেষ্টা করা হচ্ছে।
সবুজ বাংলা অনলাইন 





















