রাঙামাটির নানিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শতাব্দী চাকমা (৫০) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শতাব্দী চাকমা রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার মৃত রবীচন্দ্র চাকমার মেয়ে। তিনি নানিয়ারচর উপজেলার রামহরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।
নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণ লাল দেবনাথ জানান, সকালে নিজ বাসা থেকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হন শতাব্দী চাকমা। পথে সমাজকল্যাণ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করার সময় একটি কাঁচা বাঁশ দিয়ে পাশের গাছ থেকে জাম পাড়ার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত বাঁশটি পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর খান জানান, সকাল ৯টার দিকে তাকে হাসপাতালে আনা হলেও এর আগেই তার মৃত্যু হয়েছিল।
শু/সবা
রাঙামাটি প্রতিনিধি: 



















