শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) কক্সবাজার জেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা শনিবার (২৭ জুন) সন্ধ্যায় কক্সবাজার শহরের কলাতলী রোডস্থ হোটেল বীচওয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় নবগঠিত কার্যকরী কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা, শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কল্যাণ নিশ্চিতকরণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
স্কপের সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শ্রমিক দলের ও স্কপের সভাপতি রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কপের আহ্বায়ক কমরেড গিয়াস উদ্দিন এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক ও স্কপের সদস্য করিম উল্লাহ করিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শুরত আলম, মোহাম্মদ গিয়াস উদ্দিন, আলমগীর হোসেন বাবু, ফরিদুল আলম, ইরফানুল হক, রোকন, জসিম, মো. আসাদুল হক আসাদ, জয়নাল আবেদীন, অ্যাডভোকেট রাবেয়া সুলতানা, খুরশিদা আলম মুন্নি, মরিয়ম আক্তার, নূর ফাতেমা, তানজিনা সুলতানা, ওয়াহিদা হাসিফা রিমু, খুরশিদা বেগম, নাছিমা আক্তার, জেসমিন, সাংবাদিক ইউসুফ আলী, নাইমা মনি, সাদিয়া, সাংবাদিক ও জাতীয় শ্রমিক জোটের হায়দার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নজরুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি করিম উল্লাহ করিম বলেন, মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞার সময় জেলেরা সরকারি সহায়তা পেলেও ড্রাই ফিশ ও মৎস্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে কর্মরত নারী শ্রমিকরা কোনো ধরনের সহায়তা পান না। তাদের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করার পাশাপাশি কক্সবাজারে একটি শ্রম আদালত প্রতিষ্ঠার দাবি জানান তিনি।
স্কপের সাধারণ সম্পাদক এস এম জসিম উদ্দিন বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও সংগঠনকে শক্তিশালী করতে সকলের সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।
স্কপের আহ্বায়ক কমরেড গিয়াস উদ্দিন বলেন, শ্রমিকদের অভিযোগ দাখিল করতে ২ থেকে ৩ হাজার টাকা ব্যয় করে চট্টগ্রাম শ্রম আদালতে যেতে হয়, যা কক্সবাজারের শ্রমজীবী মানুষের জন্য কষ্টসাধ্য। তাই দ্রুত কক্সবাজারে একটি পূর্ণাঙ্গ শ্রম আদালত প্রতিষ্ঠার দাবি জানান তিনি।
বক্তারা শ্রমিক-কর্মচারীদের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় নবগঠিত কার্যকরী কমিটির সদস্যরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও ঐক্যের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে শ্রমিক-কর্মচারীদের সার্বিক কল্যাণ, সংগঠনের উত্তরোত্তর সাফল্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে শুভেচ্ছা বিনিময় করা হয়।
শু/সবা
এম জসিম উদ্দিন, কক্সবাজার: 






















