মহিলা ও শিশু নির্যাতনকারীরা সমাজের শত্রু উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অপরাধী যেই হোক, কোনো নারী বা শিশু নির্যাতনকারীকে ছাড় দেওয়া হবে না।
শুক্রবার (২৬ জুন) সকালে দিনাজপুর মিউনিসিপাল হাইস্কুল প্রাঙ্গণে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় অতি দরিদ্র গর্ভবতী মায়েদের গর্ভকালীন ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যে জাতি নারীকে সম্মান দিতে জানে না, সে জাতি কখনো সভ্য হতে পারে না। একইভাবে শিশুদের অধিকার নিশ্চিত না হলে একটি জাতির ভবিষ্যৎও উজ্জ্বল হতে পারে না।
তিনি বলেন, নারী ও শিশুদের অধিকার সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী আরও জোরালো ভূমিকা পালন করবে।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, সমাজ থেকে নির্যাতন ও মাদকের বিস্তার রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করেই একটি মানবিক ও সভ্য সমাজ গড়ে তোলা সম্ভব।
শু/সবা
স্টাফ রিপোর্টার: 





















