চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকার জাকির হোসেন সড়কে হঠাৎ সড়কের নিচ থেকে গ্যাস বের হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (২৮ জুন) বেলা ১টার দিকে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ঘটনাস্থলে দেখা যায়, সড়কের পাশ দিয়ে যাওয়া একটি নালার ভেতর দিয়ে গ্যাসের পাইপলাইন গেছে। পাইপ ফেটে গ্যাস বের হওয়ার একপর্যায়ে সেখানে আগুন ধরে যায়। সড়কের নিচ থেকে বের হওয়া আগুনের শিখা দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে যানবাহনও সতর্কতার সঙ্গে এলাকা অতিক্রম করে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পর তাঁদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সাইফুল জানান, সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির বাতি হঠাৎ বিস্ফোরিত হয়। সেখান থেকে আগুনের ফুলকি নিচে পড়ার পরই মুহূর্তের মধ্যে আগুন জ্বলে ওঠে।
তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী বলেন, কীভাবে পাইপ ফেটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে কোম্পানির কর্মীরা কাজ করছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
শু/সবা
নিজস্ব প্রতিবেদক: 






















