গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজ এলাকায় ভোট দেন।
ভোট দেওয়ার পর দেবীদ্বারবাসীর উদ্দেশে সম্প্রীতির বার্তা দেন তিনি। হাসনাত বলেন, “আপনি যাকে ইচ্ছা ভোট দেন, শুধু ভোটের কারণে ব্যক্তিগত সম্পর্কের অবনতি যেন না ঘটে। আমরা আশা করি, সৌহার্দ্য-সম্প্রীতি বজায় থাকবে।” ভোটকে কেন্দ্র করে কোনো নেতিবাচক সম্পর্ক তৈরি হোক—এমনটি তিনি প্রত্যাশা করেন না বলেও উল্লেখ করেন।
নিজ আসনের ভোটারদের অংশগ্রহণ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আমার আসনে প্রায় ১ লাখ ৩০ হাজার ভোটার রয়েছেন। প্রথমবার ভোট দিতে আসা ভোটারদের মধ্যে আগ্রহ ও উৎসাহ রয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই উৎসাহ বজায় থাকবে বলে আশা করি।”
ভোটকেন্দ্রে এজেন্ট প্রবেশে কোনো সমস্যা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে হাসনাত জানান, এখন পর্যন্ত কোনো কেন্দ্র থেকে টেকনিক্যাল বা প্রক্রিয়াগত জটিলতার খবর পাননি। তবে এমন কিছু ঘটলে তা জানানো হবে বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, “আমরা কোনো সহিংসতা বা শঙ্কা চাই না। ভোট উৎসবের মতো—ভয়ের কিছু নয়। মানুষ যার ইচ্ছা তাকে ভোট দেবে।”
তবে সাম্প্রতিক কিছু বক্তব্য নিয়ে উদ্বেগের কথাও জানান তিনি। তার দাবি, গত দুই দিনে ভোটারদের ভয়ভীতি দেখানোর চেষ্টা হয়েছে—কেউ ভিন্নমত দিলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
শু/সবা

























