ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীকের রুমিন ফারহানা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সওয়া ৯টার দিকে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
কেন্দ্রে পৌঁছালে তার সমর্থকরা “হাঁস হাঁস” স্লোগান দিয়ে তাকে স্বাগত জানায়। কেন্দ্রে যাওয়ার পথে প্রায় ২ কিলোমিটার রাস্তা জুড়ে ভোটার, বিশেষ করে নারী ভোটাররা বাড়ির পাশে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
ভোট দেওয়ার পর রুমিন ফারহানা সাংবাদিকদের জানান, তার নেতাকর্মীরা কিছুটা প্রশাসনিক হেনস্থার শিকার হয়েছেন। তার কথায়, দুইজন কর্মীকে পুলিশ গত রাতে ধরে নিয়ে গেছে। এছাড়া খেঁজুর গাছে সিল মারার প্রস্তুতি চলাকালে কর্মীরা পাহারায় ছিলেন, কিন্তু কোনো অভিযোগ ছাড়াই ধরা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, নোয়াগাঁও ইউনিয়নে তার দুই কর্মীকে আটক করা হয় এবং আশুগঞ্জে আটটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছেন। এই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইতিমধ্যে অবগত করা হয়েছে।
রুমিন ফারহানা ভোটদানের পর শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হন, কেন্দ্রগুলোর ভোট পরিবেশ সরেজমিনে পরিদর্শন করতে।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 
























