খুলনা সদরের আলিয়া মাদরাসা ভোটকেন্দ্রের সামনে দুইপক্ষের উত্তেজনা ও হট্টগোলের মাঝে মহিবুজ্জামান কচি নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটে খুলনা সদরের আলিয়া মাদরাসা ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মহিবুজ্জামান কচি, তিনি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক।
প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানিয়েছেন, সকাল ৮টার দিকে কেন্দ্রের অদূরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা শুরু হয়। সংঘর্ষের সময় মহিবুজ্জামান কচি মাথায় আঘাত পান এবং পরে মৃত্যু হয়।
খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল ও সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু অভিযোগ করেছেন, আলিয়া মাদরাসার অধ্যক্ষ জামায়াতের প্রচারণায় ছিলেন। মহিবুজ্জামান কচিকে বাধা দেওয়ার সময় তাকে ধাক্কা দেওয়া হলে তিনি গাছের সঙ্গে মাথা লাগায়, যা মৃত্যুর কারণ হয়েছে।
অন্যদিকে, খুলনা আলিয়া মাদরাসার অধ্যক্ষ আব্দুর রহিম মিয়া বলেন, তিনি ভোট দেওয়ার পর বাড়ি ফিরছিলেন এবং কাউকে ধাক্কা দেননি।
খুলনা-২ আসনের জামায়াত প্রার্থী মো. জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেছেন, ঘটনা পূর্বপরিকল্পিত বা উদ্দেশ্যপ্রণোদিত নয়, মহিবুজ্জামান অসুস্থ হয়ে হার্ট অ্যাটাকের ফলে মারা গেছেন। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনা সঠিক নয়, তবে তদন্তের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হবে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম জানান, ঘটনাটি কেন্দ্রের বাইরে ঘটেছে।
বিএনপির খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ঘটনায় বিষাদের ছায়া নেমেছে, তিনি আলিয়া মাদরাসার অধ্যক্ষ ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানান।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। উত্তেজনার দৃশ্য দেখা গেছে, তবে মৃত্যু ঘটার সময়ের ভিডিও পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ ও তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।
শু/সবা
Reporter Name 
























