ফেনী-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ওপর হামলার চেষ্টা এবং তার প্রধান নির্বাচনী এজেন্ট আনম আব্দুর রহিমের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এবি পার্টির নেতাকর্মীরা স্থানীয় বিএনপি নেতা ও কর্মীদের এই ঘটনায় দায়ী করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মজুমদারহাট এলাকায় শেখ মজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মঞ্জু পরিদর্শনকালে একদল ব্যক্তি তার দিকে তেড়ে আসেন এবং আপত্তিকর মন্তব্য করতে থাকেন। কেন্দ্রে উপস্থিত ‘ঈগল’ প্রতীকের সমর্থকরা তাকে ঘিরে রক্ষা করেন। সেনাবাহিনী ও বিজিবির টহল দল দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন ‘ঈগল’ সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে।
অন্যদিকে ধর্মপুর ইউনিয়নের জোয়ার কাছাড় কেন্দ্রে মঞ্জুর প্রধান নির্বাচনী এজেন্ট আনম আব্দুর রহিমের ওপর হামলা হয় এবং তার গাড়ি ভাঙচুর করা হয়। এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহ আলম বাদল অভিযোগ করেছেন, স্থানীয় বিএনপি নেতা জামাই কামরুল-এর নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। এছাড়া ফেনীর বিভিন্ন ইউনিয়নে জামায়াত ও এবি পার্টির কয়েকজন সমর্থকের ওপরও হামলার ঘটনা ঘটেছে।
মঞ্জু ভোট দেওয়ার পর সাংবাদিকদের বলেন, “বিএনপি পরাজয়ের আশঙ্কায় অসহিষ্ণু হয়ে উঠছে। বিভিন্ন কেন্দ্রে আমাদের এজেন্টদের বের করে দেওয়া এবং কর্মীদের ওপর হামলার চেষ্টা চলছে। আমরা প্রশাসনের তৎপরতা চাই।”
ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক জানান, ভোটগ্রহণ শুরুর পর সব অভিযোগের তদন্তে মোবাইল টিম পাঠানো হয়েছে। তবে কোনো কেন্দ্রে ভোটগ্রহণে বড় ধরনের সমস্যা হয়নি। মঞ্জুর এজেন্টের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ফেনী জেলার বিএনপি সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, “আমি বিষয়টি শুনেছি। বিস্তারিত পরে জানানো হবে।”
শু/সবা

























