আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ খেলতে পারছেন না ভারতের বাঁহাতি পেসার জশ দয়াল। ধর্ষণের মতো গুরুতর অভিযোগ ওঠায় তাকে দলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার ফ্র্যাঞ্চাইজি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
আইপিএল শুরুর আগে রিটেনশন তালিকায় দয়ালকে রেখে দেওয়ায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। নতুন মৌসুমের প্রস্তুতি ক্যাম্পে তাকে না দেখা যাওয়ায় জল্পনা বাড়ে। পরে জানা যায়, ‘ব্যক্তিগত পরিস্থিতি’র কারণে তিনি এ বছর দলে খেলবেন না।
আরসিবির পরিচালক মো বোবাট বলেন, দয়াল বর্তমানে একটি ব্যক্তিগত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। শুরু থেকেই তাকে সমর্থন করে আসছে দল, তবে এই মুহূর্তে তার দলের সঙ্গে যোগ না দেওয়াই সঠিক সিদ্ধান্ত বলে মনে করা হয়েছে।
২০২৫ মৌসুমে আরসিবির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দয়াল পুরো আসরে ১৩টি উইকেট নিয়েছিলেন। তবে ফাইনালের পর থেকেই তিনি মাঠের বাইরে রয়েছেন। চলমান আইনি জটিলতার কারণে তার ক্রিকেটে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে, যা দলের জন্য বড় ধাক্কা।
দয়ালের বিরুদ্ধে দুটি পৃথক ফৌজদারি মামলায় গুরুতর অভিযোগ আনা হয়েছে। প্রথম মামলাটি ২০২৫ সালের জুলাইয়ে গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানায় দায়ের হয়, যেখানে এক নারী দীর্ঘ সম্পর্কের মধ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন।
এর কিছুদিন পর জয়পুরে দ্বিতীয় মামলা দায়ের হয়, যা পকসো আইন ও ভারতীয় দণ্ডবিধির আওতায়। সেখানে এক কিশোরী অভিযোগ করেন, ২০২৩ সাল থেকে দয়াল তাকে একাধিকবার যৌন নিপীড়ন করেছেন, যার মধ্যে আইপিএল চলাকালীন একটি হোটেলের ঘটনাও রয়েছে।
শু/সবা
Reporter Name 

























