কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অসহায় দুই পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তাদের হাতে ত্রাণ তহবিলের প্যাকেজ তুলে দেওয়া হয়।
জানা গেছে, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতি সোলাগাড়ি গ্রামের মোঃ মোস্তাফিজার রহমান (পিতা: জয়নাল আবেদীন) দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত জটিলতায় ভুগছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, হৃদক্রিয়াও প্রায় বন্ধের উপক্রম। চিকিৎসার অভাবে তিনি বাড়িতে শয্যাশায়ী অবস্থায় দিন কাটাচ্ছেন। কর্মক্ষমতা হারিয়ে পরিবারসহ মানবেতর জীবনযাপন করছিলেন তিনি।
অন্যদিকে, ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ (খামাড়) গ্রামের মোঃ শফিকুল ইসলাম (পিতা: নুর হোসেন) একজন শারীরিক প্রতিবন্ধী। জীবিকার জন্য তিনি দীর্ঘদিন ধরে অন্যের দান-দক্ষিণার উপর নির্ভরশীল।
বিষয়গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে এলে তাদের অফিসে ডেকে এনে ত্রাণ তহবিলের আওতায় সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে মোস্তাফিজার রহমানের চিকিৎসা সহায়তা এবং শফিকুল ইসলামকে পুনর্বাসনের লক্ষ্যে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান নিজ হাতে এ সহায়তা বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ মশিউর রহমান দুর্জয়সহ অন্যান্যরা।
উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে সহায়তা পাওয়া পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শু/সবা

























