টাঙ্গাইলের ভূঞাপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ১০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় কালোবাজারির অভিযোগে সবুজ মিয়া (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযানের সময় তিনি উপস্থিত ছিলেন না।
শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভারই পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসানের নেতৃত্বে এবং থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমানের উপস্থিতিতে একটি টিনশেড বাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে সাদা ও নীল প্লাস্টিক কন্টেইনারসহ বিভিন্ন বোতলে সংরক্ষিত মোট ১০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। জব্দকৃত তেলের আনুমানিক মূল্য ১১ হাজার ৬০০ টাকা। এ ছাড়া জ্বালানি তেল বিক্রির কাজে ব্যবহৃত একটি ফানেল ও কয়েকটি খালি বোতলও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযুক্ত সবুজ মিয়া (৪০) দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করে নিজ বাড়িতে মজুদ রেখে অধিক মূল্যে বিক্রি করে আসছিলেন।
অভিযান পরিচালনার সময় অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এসময় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় গণমাধ্যম কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
উল্লেখ্য, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ধারায় অবৈধভাবে পণ্য মজুদ ও কালোবাজারির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে।
শু/সবা
ভূঞাপুর (টাংগাইল) প্রতিনিধি: 
























