বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে রংপুরে পালিত হয়েছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল যমুনা টেলিভিশন-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী।
রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় নগরীর গুপ্তপাড়ায় রংপুর ব্যুরো কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন চ্যানেলটির সিনিয়র করেসপনডেন্ট ও রংপুর বিভাগীয় প্রধান সরকার মাজহারুল মান্নান।
পূর্বনির্ধারিত সময়ের আগেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ভরে ওঠে। জমকালো এই আয়োজনের মধ্য দিয়ে চ্যানেলটি ১২ বছর পূর্ণ করে ১৩তম বর্ষে পদার্পণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি। তিনি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি মো. আমিনুল ইসলাম এবং রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর সভাপতি আলহাজ মো. সালেকুজ্জামান সালেক। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাটি ও মানুষের আস্থার প্রতীক হিসেবে যমুনা টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতোমধ্যে দর্শকদের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও গণমানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
শু/সবা

























