আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তেলের দাম বাড়ানো আইএমএফের শর্তের অংশ কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “না, তেলের দাম তো আইএমএফের বৈঠকের আগেই বাড়ানো হয়েছে।” তিনি আরও জানান, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত জনগণের স্বার্থ বিবেচনায় দাম বাড়াতে দেরি করেছে। “অনেকে আমাদের বলেছে—আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন? এতে তো রাষ্ট্রীয় তহবিলের ওপর চাপ বাড়ছে,” যোগ করেন তিনি।
তিনি দাবি করেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর সঙ্গে এই সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই। বরং সরকার সীমিত পরিসরে দাম সমন্বয় করেছে।
অর্থমন্ত্রী আরও বলেন, “আমরা খুব বেশি দাম বাড়াইনি। অন্যান্য দেশে, বিশেষ করে যুক্তরাষ্ট্র-এ তেলের দাম অনেক বেশি বেড়েছে।”
তিনি জানান, তেলের দাম সামান্য বাড়ানোর কারণ হলো রাষ্ট্রীয় তহবিলের ওপর চাপ কমানো এবং অন্যান্য উন্নয়ন কর্মসূচি সচল রাখা।
শু/সবা
























