ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর দেশের বাস ও ট্রাক ভাড়া পুনর্নির্ধারণে নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ ও পরিবহন মালিকদের মধ্যে বৈঠক শুরু হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর বনানীতে বিআরটিএ সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে ঢাকা সহ সারাদেশে ডিজেলচালিত বাস-মিনিবাসের ভাড়া সমন্বয়ের বিষয়ে আলোচনা চলছে।
যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণ কমিটি এ সভার মাধ্যমে নতুন ভাড়ার হার নির্ধারণে কাজ করছে। পরিবহন মালিক সংগঠনগুলো ভাড়া বৃদ্ধির একটি প্রস্তাব উপস্থাপন করবে, যা পরে যাচাই-বাছাই করা হবে।
সভায় সভাপতিত্ব করছেন বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। এছাড়া উপস্থিত আছেন— সড়ক পরিবহন মালিক সমিতির শীর্ষ নেতারা, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট পরিবহন খাতের কর্মকর্তারা।
বৈঠক শেষে নতুন ভাড়া নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ার পর পরিবহন খাতে ভাড়া সমন্বয় সাধারণত নিয়মিত প্রক্রিয়া হলেও যাত্রীদের ওপর এর প্রভাব নিয়ে আলোচনা চলছে।
শু/সবা





















