রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন বিভিন্ন প্ল্যাটফর্মের ৪৭ সদস্য। রোববার (১৯ এপ্রিল) রাজধানীর বাংলামোটর-এ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতসহ বিভিন্ন প্ল্যাটফর্মের নেতারা দলে যোগ দিয়েছেন। এ সময় দলের মুখপাত্র আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন।
নতুন যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ, এবি পার্টির নেতা ব্যারিস্টার সানি আব্দুল হক এবং ‘আপ বাংলাদেশ’-এর মুখপাত্র শেহরীন সুলতানা ইরা।
নাহিদ ইসলাম বলেন, “আজ যারা যুক্ত হয়েছেন, তারা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে একই লক্ষ্যে কাজ করেছেন। গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তা বাস্তবায়নে সবাইকে নিয়ে কাজ করব।” তিনি আরও জানান, নতুন যোগদানকারীদের দায়িত্ব বণ্টন বিষয়ে পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
অন্যদিকে আসিফ মাহমুদ বলেন, “গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি, জনগণের আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কারের বিষয়ে একটি শঙ্কা তৈরি হয়েছে। তাই ঐক্যবদ্ধ থেকে একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণই আমাদের লক্ষ্য।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিভিন্ন প্ল্যাটফর্মের নেতাদের এই যোগদান দেশের চলমান রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
শু/সবা

























