জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের কিছু সদস্যের অশোভন অঙ্গভঙ্গির তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বক্তব্য দেন।
ড. শফিকুর রহমান বলেন, সংসদ সদস্যদের বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের কিছু সদস্যের অশালীন অঙ্গভঙ্গি তার বিবেকে আঘাত করেছে। তিনি বলেন, চার-পাঁচবার নির্বাচিত সদস্যদের কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না। সংসদে ভালো সংস্কৃতির চর্চার কথা বলা হলেও বারবার এমন ঘটনা দুঃখজনক এবং তিনি এর তীব্র নিন্দা জানান।
তিনি আরও বলেন, সংসদে কথা বলার ক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত হলেও কথা বলার সুযোগ পাওয়ার ক্ষেত্রে বৈষম্য তৈরি হয়েছে, যা উদ্বেগজনক।
এ সময় স্পিকার সকলকে সংসদীয় শিষ্টাচার বজায় রাখার এবং কার্যপ্রণালী বিধি অনুযায়ী আলোচনার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
অন্যদিকে চিফ হুইপ নূরুল ইসলাম সংসদে নতুন সদস্যদের সুযোগ দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তিনি বলেন, ২২০ জন নতুন সদস্য রয়েছেন যারা তাদের নির্বাচনী এলাকা ও দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চান, কিন্তু অনেকেই বারবার সুযোগ পেলেও কেউ কেউ একবারও কথা বলার সুযোগ পাচ্ছেন না।
তিনি স্পিকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যিনি আগে নোটিশ দেবেন, তার বক্তব্য যেন সিরিয়াল অনুযায়ী আগে নেওয়া হয়। এতে নতুন সদস্যরা উৎসাহ পাবেন এবং সংসদ আরও প্রাণবন্ত হবে।
শু/সবা
























