নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বন্যহাতির আক্রমণে পার্থো রাংসা (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভবানীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পার্থো ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল ভারতের সীমান্তবর্তী পাহাড় থেকে ১৫-২০টি বন্যহাতির একটি দল এলাকায় নেমে আসে। পাকা ধানক্ষেতে ঢুকে ফসলের ক্ষতি করতে চাইলে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন হাতিগুলোকে তাড়িয়ে দেয়। পরে হাতির দলটি আশপাশের টিলায় অবস্থান নেয়।
মঙ্গলবার রাতে আবারও হাতির দল ধানক্ষেতে নামলে ফসল রক্ষার জন্য পার্থো রাংসা টর্চলাইট ও মশাল নিয়ে হাতিগুলোকে তাড়ানোর চেষ্টা করেন। একপর্যায়ে হাতির দল ধাওয়া করলে একটি হাতি তাকে পায়ে পিষ্ট করে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এসব এলাকায় প্রায়ই বন্যহাতির উপদ্রব দেখা যায়। বিশেষ করে ধান কাটার মৌসুমে হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে। সম্প্রতি এই উপদ্রব আরও বেড়েছে এবং হাতির দলটি নিয়মিত সোমেশ্বরী নদী পার হয়ে বিজয়পুর ও ভবানীপুর এলাকায় চলাচল করছে।
বন বিভাগের দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা মজনু প্রামানিক জানান, ঘটনাটি তাদের নজরে এসেছে এবং নিহতের পরিবারের জন্য সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সবুজ বাংলা অনলাইন 
























