লালমনিরহাটে তিস্তা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সৃষ্টি হওয়া গভীর গর্তে পড়ে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুরে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের সলেডি স্প্যার বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, খলাইঘাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলামের ছেলে সিফাত আহমেদ (১৮) ও স্বচ্ছ আহমেদ (১৪)। তারা লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশের তিস্তা নদীর চরাঞ্চলে খেলতে যান দুই ভাই। পরে গোসল করতে নদীতে নামলে ছোট ভাই স্বচ্ছ আহমেদ অবৈধ বালু উত্তোলনের কারণে সৃষ্ট গভীর গর্তে পড়ে তলিয়ে যায়। তাকে বাঁচাতে বড় ভাই সিফাত আহমেদ নদীতে ঝাঁপ দিলে তিনিও পানিতে ডুবে যান।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
রাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য ডাব্লিউ অধিকারী বলেন, নদীতে বালু উত্তোলনের কারণে সৃষ্টি হওয়া গভীর গর্তে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইও প্রাণ হারায়।
লালমনিরহাট সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. সোয়াদ জানান, হাসপাতালে আনার আগেই দুই ভাইয়ের মৃত্যু হয়েছিল।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শু/সবা
লালমনিরহাট প্রতিনিধি: 



















