প্রায় ১৮ বছর পর আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরেছেন অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন। জনপ্রিয় Welcome to the Jungle আজ (২৬ জুন) বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। ছবিটি পরিচালনা করেছেন আহমেদ খান এবং প্রযোজনা করেছেন ফিরোজ এ. নাদিয়াদওয়ালা।
মুক্তির আগেই ছবিটি অগ্রিম টিকিট বিক্রিতে দারুণ সাড়া পেয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বুকিং শুরু হওয়ার পর প্রথম ১২ ঘণ্টায় ৪০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিক্রি হয়েছে ৪০ হাজার ১১২টির বেশি টিকিট। সারা ভারতে ৩ হাজার ২৩২টি পর্দায় মুক্তি পাওয়া ছবিটি অগ্রিম টিকিট বিক্রি থেকেই প্রায় ৮৯ লাখ ৪২ হাজার রুপি আয় করেছে। ব্লক বুকিংসহ মোট অগ্রিম আয় ইতোমধ্যে ২ কোটি ৭৪ লাখ রুপি ছাড়িয়েছে।
বক্স অফিস বিশ্লেষকদের মতে, শক্তিশালী সূচনা পেলেও ছবিটির প্রকৃত সাফল্য নির্ভর করবে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া (ওয়ার্ড অব মাউথ) এবং প্রথম সপ্তাহান্তের আয়ের ওপর।
সেন্সর বোর্ডের নির্দেশে কিছু পরিবর্তন
ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র প্রত্যয়ন বোর্ড ছবিটিকে ইউ/এ ১৬+ সনদ দিয়েছে। ছাড়পত্রের আগে কয়েকটি সংলাপ, বিকিনি-সংক্রান্ত দৃশ্য, কিছু দ্ব্যর্থবোধক ইঙ্গিত এবং কাশ্মীর-সংক্রান্ত উল্লেখে পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হয়। সংশোধনের পর ছবিটির দৈর্ঘ্য হয়েছে ২ ঘণ্টা ৪৪ মিনিট।
৩২ তারকার বিশাল বহর
‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সাম্প্রতিক সময়ের অন্যতম বড় মাল্টিস্টারার বলিউড ছবি। এতে ৩২ জনের বেশি অভিনয়শিল্পী রয়েছেন। অক্ষয় কুমার জানিয়েছেন, ছবিটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১১৫ কোটি রুপি। তিনি আরও জানান, এই ছবিতে অভিনয়ের জন্য তিনি কোনো পারিশ্রমিক নেননি।
অক্ষয় ও রাভিনার পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ার্সি, জনি লিভার, রাজপাল যাদব, শ্রেয়াস তলপাড়ে, তুষার কাপুর, দিশা পাটানি, জ্যাকুলিন ফার্নান্দেজ, লারা দত্ত, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা ও মুকেশ তিওয়ারি।
২০০৭ সালের Welcome এবং ২০১৫ সালের Welcome Back-এর ধারাবাহিকতায় নির্মিত নতুন এই ছবিতে কমেডির সঙ্গে অ্যাকশন ও অ্যাডভেঞ্চারের মিশেল রাখার চেষ্টা করেছেন নির্মাতারা। এখন দেখার বিষয়, মুক্তির পর দর্শক ও বক্স অফিসে ছবিটি কতটা সফল হয়।
সবুজ বাংলা বিনোদন ডেস্ক 
























