বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে। সিনেমার জন্য একত্র হয়েছে বাংলাদেশের চরকি, আলফা আই ও ভারতের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ফিল্মস। তিন প্রতিষ্ঠানের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে বড় পর্দার দুটি সিনেমা। এর মধ্যে একটির ঘোষণা দেওয়া হয় গত শনিবার। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে শনিবার বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হয় এক সংবাদ সম্মেলন। এতে জানানো হয়, দীর্ঘ বিরতির পর নির্মাণে ফিরছেন পরিচালক রেদওয়ান রনি। ‘দম’ নামে সেই ছবিতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আজ সোমবার আরেকটি সিনেমার ঘোষণা আসবে। এ ছবির সঙ্গেও যুক্ত থাকবে এই তিন প্রতিষ্ঠান।
দুই দশকের নির্মাণজীবন পরিচালক রেদওয়ান রনির। এ সময়ে তিনি শতাধিক নাটক ও টেলিছবি বানিয়েছেন। ছোট পর্দার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বড় পর্দায়ও বানিয়েছেন দুটি চলচ্চিত্র। ‘চোরাবালি’ ও ‘আইসক্রিম’ নামের ছবি দুটির জন্য প্রশংসা কুড়িয়েছেন রনি। ছবি দুটি নির্মাণের পর নতুন ছবি কেন বানাচ্ছেন না, এ নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল তাকে। সেই প্রশ্নের উত্তর মিলেছে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ‘দম’ ছবি দিয়ে নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি।
দীর্ঘ সাত বছর পর ছবি নির্মাণে আসার বিষয়টিকে নির্মাতা রনি জানালেন, খানিকটা দম নেওয়ার পর নতুন সিনেমা নিয়ে ফিরলেন তিনি। সত্য ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি হবে, এমনটাই আভাস দেওয়া হয় সংবাদ সম্মেলনে। বিরতি শেষে নির্মাণে ফেরা প্রসঙ্গে পরিচালক রেদওয়ান রনি বলেন, সত্য ঘটনা আমাকে সব সময়ই অনুপ্রাণিত করে। অনেক বছর পর চলচ্চিত্র নির্মাণের ক্ষুধা মেটানোর জন্য এ গল্পই আমাকে তাড়িত করছিল। সাধারণ মানুষের ভয়াবহ মানসিক শক্তি তাকে যেকোনো ভয়ংকর বিপদ থেকে বাঁচিয়ে তুলতে পারে নিমেষেই। ‘দম’ চলচ্চিত্রে এ গল্পই বলার চেষ্টা করছি।


























