ক্রিকেটারদের সঙ্গে বলিউড বা বিনোদন জগতের তারকাদের সম্পর্ক নতুন নয়। সেই ধারাবাহিকতায় এবার আলোচনায় ভারতীয় পেসার আরশদীপ সিং এবং মডেল-অভিনেত্রী সামরিন কৌর।
আইপিএল ২০২৬ মৌসুমে পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আরশদীপ। বর্তমানে তিনি পাঞ্জাব কিংস এবং ভারতীয় জাতীয় দলের হয়ে দারুণ ফর্মে আছেন। অন্যদিকে সামরিন কৌর মডেলিং ও অভিনয় ক্যারিয়ারে নিজস্ব জায়গা তৈরি করে নিয়েছেন।
দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জনের সূত্রপাত মূলত সোশ্যাল মিডিয়া থেকেই। সম্প্রতি আরশদীপ স্ন্যাপচ্যাটে একটি ছবি শেয়ার করেন, যেখানে তাকে এক রহস্যময় নারীর হাত ধরে থাকতে দেখা যায়। নেটিজেনরা দাবি করেন, ওই নারীর ট্যাটু ও নখের নকশা সামরিনের ইনস্টাগ্রাম পোস্টের সঙ্গে মিলে গেছে। এরপর থেকেই জল্পনা আরও তীব্র হয়।
এছাড়া সামরিনকে পাঞ্জাবের মহারাজা যাদবিন্দ্র সিং স্টেডিয়াম এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম-এর ভিআইপি গ্যালারিতে আরশদীপকে সমর্থন করতে দেখা গেছে বলেও দাবি করা হচ্ছে।
কে এই সামরিন কৌর?
সামরিন কৌর পুনের সিম্বায়োসিস কলেজ অব আর্টস অ্যান্ড কমার্স থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ২০১৮ সালে ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতার ফাইনালিস্ট হয়ে তিনি প্রথম জাতীয়ভাবে পরিচিতি পান, যেখানে তিনি জম্মু ও কাশ্মীরের প্রতিনিধিত্ব করেন।
তিনি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। বিশেষ করে জুবিন নটিয়াল-এর ‘তুজে ভুলনা তো চাহা’ (২০২১) এবং বাদশাহ-এর ‘বাওলা’ গান তাকে জনপ্রিয় করে তোলে।
অভিনয়ের ক্ষেত্রে তিনি নেইল পলিশ এবং ৮৩ সিনেমায় কাজ করেছেন, যেখানে রণবীর সিং অভিনয় করেছিলেন।
তবে সম্পর্কের বিষয়ে এখনো কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে।
শু/সবা

























