রমজান মাসকে সামনে রেখে খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী লেখেন, “রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও ভোগ্যপণ্যের সবচেয়ে বড় আমদানিকারক সিন্ডিকেট—বসুন্ধরা, ফ্রেশ, সিটি, টিকে, নাবিল, এসিআইসহ মজুতদার ও পাইকারদের উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি দিচ্ছি। আমার নির্বাচিত সংসদীয় আসন থেকে সোজা করা শুরু হবে। এরপর যতদূর যেতে পারি।”
তিনি আরও বলেন, “কোনও বড় নেতা, মন্ত্রী বা সরকারি কর্মকর্তা দিয়ে ক্ষমতা ব্যবহার করার সুযোগ নেই। সকল মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সাধারণ নিম্নআয়ের মানুষ ঠিকমতো খেতে না পারলে, এই মাফিয়াদের বাড়িতেও রান্না হবে না। কথা দিলাম ইনশাআল্লাহ।”
রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও বাজারে কৃত্রিম সংকট ঠেকাতে সরকারের অবস্থান কঠোর হবে বলেও ইঙ্গিত দেন প্রতিমন্ত্রী। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শু/সবা




















