প্রতি বছরের ন্যায় এ বছরও তিন ক্যাটাগরিতে মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। ফিচার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দৈনিক সবুজ বাংলার চবি প্রতিনিধি শামীম হোসাইন।
অনুসন্ধানী ও ফিচার এই দুই ক্যাটাগরিতে ২ জন করে এবং মাল্টিমিডিয়া রিপোর্টে ১ জনসহ মোট ৫ জন সাংবাদিককে এ পুরস্কার দেওয়া হয়েছে। গত এক বছরে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে বিচারকদের রায়ে বিজয়ীদের নির্বাচিত করা হয়।
অনুসন্ধানী প্রতিবেদনে পুরস্কার অর্জন করেছেন দেশ রূপান্তর ও বাহান্ন নিউজ-এর চবি প্রতিনিধি আজিম সাগর এবং ঢাকা ডায়রি ও টাইমস অফ বাংলাদেশ-এর চবি প্রতিনিধি মসহিন।
মাল্টিমিডিয়া রিপোর্টিংয়ে বর্ষসেরা সাংবাদিক হিসেবে পুরস্কার পেয়েছেন ৭১ টেলিভিশন-এর চবি প্রতিনিধি মাহফুজ শুভ্র।
গতকাল বুধবার ইফতারের আগে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে আয়োজিত চবিসাসের বার্ষিক সাধারণ সভায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এ সময় বিজয়ীদের ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়।
চবিসাসের সাধারণ সম্পাদক মাহফুজ শুভ্র-এর সঞ্চালনায় এবং জানে আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাইফুল ইসলাম, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি শাহাব উদ্দিন, রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাসুম পারভেজ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনিসহ রাজনীতি, স্বেচ্ছাসেবী ও হল সংসদের নেতাকর্মীরা।
শু/সবা























