জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ও কুসুম্বা ইউনিয়নের সংযোগস্থলে তুলসীগঙ্গা নদীর ওপর নির্মিত ঐতিহাসিক পাথরঘাটা সেতুর পূর্বপাড়ে বড় আকারের গর্ত সৃষ্টি হয়েছে। টানা বর্ষণে গর্তটি আরও বড় হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে প্রতিদিন সেতু ব্যবহারকারী শতাধিক শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে সেতুর পূর্বপাড়ে কয়েকটি ইট সরে গিয়ে ছোট গর্তের সৃষ্টি হয়। সাম্প্রতিক ভারী বর্ষণে মাটি ও ইট আরও ধসে গিয়ে সেখানে বড় গর্ত তৈরি হয়েছে। একই সঙ্গে সেতুর অদূরে দক্ষিণ পাশে সড়কের ধারে মাটি ও ইট সরে গিয়ে নদীর দিকে ভাঙনও দেখা দিয়েছে।
এই সেতু দিয়ে মঠপাড়া, বেলপুকুর, কাশিয়াবাড়ী, খুলুঘাটা ও কদমপুকুর গ্রামের শতাধিক শিক্ষার্থী প্রতিদিন পাথরঘাটা মিশন স্কুল, উচাই জেরকা এসসি উচ্চবিদ্যালয় এবং উচাই বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজে যাতায়াত করে।
স্থানীয় বাসিন্দারা জানান, গর্তটি দিন দিন বড় হচ্ছে। ছোট শিক্ষার্থীরা অসাবধানতাবশত সেখানে পড়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাই দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে তুলসীগঙ্গা নদীর ওপর এই সেতুটি নির্মাণ করা হয়েছিল।
এ বিষয়ে পাঁচবিবি উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোবারক হোসেন বলেন, “বিষয়টি আমাদের জানা ছিল না। দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারকাজের ব্যবস্থা নেওয়া হবে।”
শু/সবা
পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি 























