সারা দেশের ন্যায় রংপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে শ্লোগানে মুখর হয়ে ওঠে রংপুরের রাজপথ। শ্রমিকদের দাবি—নিরাপত্তা, ন্যায্য মজুরি, কর্মঘণ্টা নির্ধারণ, শিক্ষা ও স্বাস্থ্য সেবার নিশ্চয়তা।
আজ ১ মে শুক্রবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে থেকে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডনের নেতৃত্বে শোভাযাত্রা শুরু হয়। জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর, কলকারখানা ও পরিদর্শন পরিদপ্তরের আয়োজনে র্যালীতে অংশগ্রহণ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরদিকে জাতীয়তাবাদী শ্রমিক দলের শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম। এছাড়াও নগরীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন, মোটর, ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, হোটেল, বিদ্যুৎ, অটো, দর্জি, বেকারি, ভ্যান, রিকশা শ্রমিক ইউনিয়নসহ ৩৬টি শ্রমিক সংগঠন শোভাযাত্রা বের করে। প্রতিটি শোভাযাত্রা ন্যায্য মজুরি ও নিরাপত্তার দাবিতে শ্লোগানে উত্তাল হয়ে ওঠে নগরী।
ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম মানিক বলেন, “৮ ঘণ্টার কাজের নিশ্চয়তা চাই। নিরাপত্তা চাই। টর্চার মুক্তি চাই। পুলিশের হয়রানি থেকে মুক্ত থাকতে চাই—এটাই আমাদের দাবি।”
কর্মসূচিতে অংশ নিয়ে রংপুর পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, শ্রমিকরা একটি সভ্যতার রূপকার। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের নিরাপত্তা, ন্যায়বিচার ও প্রাপ্য মজুরি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করবে।
রংপুর জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন সংগ্রাম করতে হয়েছে। তাদের সুস্থতা ও সমৃদ্ধির লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, শ্রমিকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি করে দেশে-বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করার চেষ্টা করা হবে।
রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, একটি আধুনিক ও উন্নত নগরী গঠনে শ্রমিকদের অবদান অপরিসীম। তাদের নির্দিষ্ট কর্মঘণ্টা ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে সরকার কাজ করছে।
রংপুর ব্যুরো: 




















