রংপুর শহর-এ টানা বৃষ্টিতে অন্তত ১০টি সড়ক পানির নিচে তলিয়ে গিয়ে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে নগরবাসীর স্বাভাবিক চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
গত ১ মে (শুক্রবার) রাত থেকে ২ মে (শনিবার) সকাল ৯টা পর্যন্ত হওয়া বৃষ্টির কারণে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়।
রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, ওই সময়ে মহানগরীতে মোট ৬৮.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পানি জমে থাকা এলাকার মধ্যে রয়েছে বাবুখা, মাস্টারপাড়া, আবহাওয়া অফিস সংলগ্ন এলাকা, চারতলা মোড় কলোনি, পার্কের মোড় এলাকার সর্দারপাড়া ও লালবাগসহ অন্তত ১০টি এলাকা। এসব এলাকায় হাঁটুসমান পানি জমে যায় বলে স্থানীয়রা জানান।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সিটি করপোরেশন সড়ক নির্মাণ করলেও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও নিয়মিত পরিষ্কার না করায় পানি দ্রুত নিষ্কাশন হয় না, ফলে প্রতি বছরই জলাবদ্ধতার সৃষ্টি হয়।
মাস্টারপাড়ার বাসিন্দা সাজ্জাদ হোসেন বলেন, “৪০ বছর ধরে এখানে থাকি, বর্ষা এলেই দুর্ভোগ শুরু হয়। ড্রেন পরিষ্কারের কথা বলা হলেও বাস্তবে কিছুই করা হয় না।”
একই এলাকার রহিমা বেগম বলেন, বাড়ি বাড়ছে কিন্তু সেই অনুযায়ী ড্রেন তৈরি বা পরিষ্কার করা হচ্ছে না, ফলে পানি বের হতে না পেরে রাস্তায় জমে যাচ্ছে।
রংপুর সিটি কর্পোরেশন-এর প্রশাসক মাহফুজ উন নবী ডন জানান, সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে। মাঠ পর্যায়ে কর্মীরা কাজ করছে এবং যত দ্রুত সম্ভব পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক করা হবে বলে তিনি জানান।
শু/সবা
রংপুর ব্যুরো: 




















