রবীন্দ্র কথন গান আবৃত্তি আর নৃত্যের ছন্দে কক্সবাজারে অনুষ্ঠিত হল রবীন্দ্রজয়ন্তী। এখনো রবীন্দ্রনাথ ঠাকুর-এর মানবিক চেতনা, সাম্যের বোধ ও সৌন্দর্যচর্চা সমাজকে অনুপ্রাণিত করে। তাঁর সাহিত্য ও সংগীত মানুষের অন্তরে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে আজও সমানভাবে প্রাসঙ্গিক।
কক্সবাজারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, কক্সবাজার শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত এ আয়োজনে সংগীত, আবৃত্তি, নৃত্য ও কবিতার সমন্বয়ে কবিগুরুর মানবতাবাদ, সৌন্দর্যবোধ ও শান্তির দর্শনের বহুমাত্রিক প্রকাশ ঘটে।
অনুষ্ঠানের শুরুতে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পরে বিভিন্ন বয়সী শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও নৃত্য। প্রাণবন্ত পরিবেশনা ও আন্তরিক অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে এবং উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, কক্সবাজার শাখার সভাপতি পঙ্কজ বৈদ্য, সাধারণ সম্পাদক রাজীব কর্মকার, সহ-সভাপতি জাহেদ সরওয়ার সোহেল, সহ-সভাপতি অ্যাডভোকেট প্রতিভা দাশ, জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না, সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন, নাট্যজন খোরশেদ আলম, অধ্যাপক অজিত দাশ, সুভাষ দাশ, অধ্যাপক আপন চন্দ্র দে সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সংগঠক, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ।
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, কক্সবাজার শাখার নেতৃবৃন্দ জানান, রবীন্দ্রচর্চার ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
শু/সবা
কক্সবাজার প্রতিনিধি 























