বিএনপি উদার গণতান্ত্রিক রাজনীতির প্রতিনিধিত্ব করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি উদার গণতন্ত্রে বিশ্বাস করে এবং দেশে সেই গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চায়।
বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-এ ‘বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নিরপেক্ষ কূটনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে অনেকেই ধারণা দিয়েছিলেন যে অন্য রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসবে। কিন্তু জনগণ তাদের রায় দিয়ে বিএনপিকেই বেছে নিয়েছে। এর কারণ বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল এবং বিভাজনের রাজনীতি নয়, জাতীয় ঐক্যে বিশ্বাস করে।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনাকে প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য। এ কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে এনেছেন।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, পাকিস্তানি বাহিনীর নৃশংসতা তিনি খুব কাছ থেকে দেখেছেন। তাই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্য কোনো ঘটনার সঙ্গে তুলনা করা যায় না।
সভায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর অবদানের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা যুদ্ধের সংকটময় মুহূর্তে তিনি বিদ্রোহ ও প্রতিরোধের আহ্বান জানিয়েছিলেন। পাশাপাশি দেশের মানুষের জন্য একটি স্বতন্ত্র জাতীয় পরিচয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন কর্মসূচি ও রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি জিয়াউর রহমানের আদর্শের প্রতিফলন দেখতে পান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ মুশতাক খান। এছাড়া আলোচনায় অংশ নেন এ এন এম মুনিরুজ্জামান, আবু রূশদ এবং শফিকুর রহমান।
সবুজ বাংলা ডিজিটাল রিপোর্ট 




















