সরকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ ঘোষণা করেছে। এবার ২৮টি ক্যাটাগরিতে ৩২ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আজীবন সম্মাননা বিভাগে যৌথভাবে মনোনীত হয়েছেন বিশিষ্ট অভিনেত্রী ঝর্ণা বসাক শবনম ও বিশিষ্ট চলচ্চিত্র সম্পাদক ফজলে হক। এছাড়া মরণোত্তর আজীবন সম্মাননা পেয়েছেন তারেক মাসুদ এবং আব্দুল লতিফ বাচ্চু।
সাঁতাও চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হিসেবে পুরস্কার পাচ্ছেন কে এম হালিমুজ্জামান।
প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন আফরান নিশো, তার অভিনীত চলচ্চিত্র সুড়ঙ্গ। একই চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হয়েছেন মনির আহমেদ এবং কৌতুক চরিত্রে শ্রেষ্ঠ অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন শহীদুজ্জামান সেলিম।
অন্যদিকে, সাঁতাও-এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র) নির্বাচিত হয়েছেন আইনুন নাহার পুতুল। আর ওরা সাত জন-এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাজিয়া হক অর্ষা।
শ্রেষ্ঠ খল চরিত্রে অভিনয়ের পুরস্কার পেয়েছেন খন্দকার রশিদ আহমেদ, চলচ্চিত্র অ্যাডভেঞ্চার অব সুন্দরবন।
সংগীত বিভাগে শ্রেষ্ঠ গায়ক নির্বাচিত হয়েছেন বালাম, চলচ্চিত্র প্রিয়তমা। শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পেয়েছেন অবন্তী দেব সিঁথি, চলচ্চিত্র সুড়ঙ্গ।
এছাড়া শ্রেষ্ঠ গীতিকার হিসেবে সোমেশ্বর অলি, শ্রেষ্ঠ সুরকার হিসেবে প্রিন্স মাহমুদ এবং শ্রেষ্ঠ কাহিনিকার হিসেবে ফারুক হোসেন পুরস্কার পাচ্ছেন, সবাই প্রিয়তমা চলচ্চিত্রের জন্য।
অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হয়েছেন তাসনীমুল হাসান (রক্তজবা), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হয়েছেন যৌথভাবে রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা (সুড়ঙ্গ)।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এ সবচেয়ে বেশি বিভাগে পুরস্কার অর্জন করেছে সুড়ঙ্গ, সাঁতাও এবং প্রিয়তমা। এসব চলচ্চিত্রের সাফল্য দেশের চলচ্চিত্র অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।
সবুজ বাংলা বিনোদন ডেস্ক 
























