২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সরকার ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অগ্রযাত্রা’ হিসেবে উল্লেখ করলেও এ মূল্যায়নের সঙ্গে একমত নয় জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বাজেটটি মূলত বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক পদক্ষেপের প্রতিফলন।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “গণতান্ত্রিক বাজেট কী, সেটা আমার কাছে পরিষ্কার হয়নি।”
জিএম কাদের বলেন, দেশের আর্থসামাজিক পরিস্থিতির উন্নয়ন এবং অর্থনীতিকে চাঙা করতে রাজনৈতিক স্থিতিশীলতা এখন সবচেয়ে জরুরি। তার মতে, আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ফলে তাদের সমর্থক বিশাল জনগোষ্ঠী রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
তিনি বলেন, “এই জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিত না হলে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন কঠিন হবে। একই সঙ্গে তাদের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের নিরাপত্তা নিশ্চিত না করা হলে জাতীয় অর্থনীতিতে তাদের অংশগ্রহণও অনিশ্চিত হয়ে পড়বে।”
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, দেশ বর্তমানে একটি গভীর সংকটকাল অতিক্রম করছে। সংকটের ব্যাপ্তি ও গভীরতা পুরোপুরি অনুধাবন করা না গেলেও এটি যে বড় ধরনের সংকট, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, “প্রতিহিংসা ও বিদ্বেষ ভুলে দল-মত নির্বিশেষে সব নাগরিককে ঐক্যবদ্ধ করতে হবে। দেশবাসীর সম্মিলিত প্রচেষ্টাই এ সংকট থেকে মুক্তির পথ দেখাতে পারে। তখনই বাজেটকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বলা যাবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শামীম হায়দার পাটোয়ারী, সাইফুদ্দিন আহমেদ মিলনসহ দলটির কেন্দ্রীয় নেতারা।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 
























