জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়সম্বলিত পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের অবকাঠামো উন্নয়ন, ফেনী, করতোয়া ও পদ্মা নদী-সংক্রান্ত পানি সম্পদ উন্নয়ন প্রকল্প এবং ১০০টি উপজেলায় কারিগরি স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পের সংশোধনী।
মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান এসব প্রকল্পের অনুমোদন দেন।
অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা। পাঁচটি প্রকল্পের মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।
সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্প’। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় ফেনী জেলার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন, করতোয়া নদী ব্যবস্থা উন্নয়ন প্রকল্প এবং পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়ার মিরপুর ও কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন পেয়েছে।
একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের ‘১০০টি উপজেলায় একটি করে কারিগরি স্কুল ও কলেজ স্থাপন’ প্রকল্পের তৃতীয় সংশোধনীও অনুমোদিত হয়েছে।
সভায় আরও জানানো হয়, পরিকল্পনা মন্ত্রীর মাধ্যমে ৫০ কোটি টাকার কম ব্যয়সম্বলিত চারটি প্রকল্প ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ, নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সাভার স্থাপন, বিমান বাহিনী স্টেশন শমসেরনগরে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও ক্রিপিটক শিক্ষা কার্যক্রমের চতুর্থ পর্যায় প্রকল্প।
সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন-সহ সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শু/সবা
সবুজ বাংলা ডিজিটাল রিপোর্ট 





















