রাজধানীর আদাবর এলাকায় আবারও সক্রিয় হয়ে উঠেছে কিশোর গ্যাং ‘কবজি কাটা গ্রুপ’। গ্রুপটির সদস্যরা এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ তিন লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আদাবরের ৭ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী শফিকুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতাল-এ ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর স্বজন মো. মুসলিম জানান, শফিকুল বাসা থেকে তিন লাখ টাকা নিয়ে দোকানে আসেন। দোকান খোলার পরপরই ৪-৫ জন অস্ত্রধারী যুবক এসে তার ডান হাতে কোপ দেয় এবং নগদ টাকা ও বিকাশ পরিচালনার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়দের দাবি, আদাবর এলাকায় ছিনতাই ও লুটপাটের ঘটনা দিন দিন বেড়ে যাচ্ছে। তাদের অভিযোগ, আগে পানি আনোয়ার নামে পরিচিত এক ব্যক্তির নেতৃত্বে পরিচালিত ‘কবজি কাটা গ্রুপ’ বর্তমানে তার ঘনিষ্ঠ সহযোগী আবু সাঈদের নেতৃত্বে আবারও সক্রিয় হয়েছে।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, গ্রুপটির সদস্যরা আদাবর, শ্যামলী হাউজিং, তুরাগ হাউজিং, ঢাকা উদ্যান, নবীনগর ও চন্দ্রিমা হাউজিংসহ বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত।
ঘটনার বিষয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ বিষয়টি জেনেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। ভুক্তভোগীকে থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।
সবুজ বাংলা অনলাইন 
























