লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত নাবাতিহ এলাকায় একাধিক বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে বেশ কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়। পাশাপাশি ভোরের দিকে নাবাতিহ ও আশপাশের এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করা হয়।
এর আগে শুক্রবার এক মার্কিন কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। স্থানীয় সময় বিকেল ৪টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। ইসরায়েলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হিজবুল্লাহর দুটি সূত্রও বিষয়টি নিশ্চিত করে।
ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ২০২৪ সালে সর্বাত্মক অভিযান শুরু করে ইসরায়েল। ওই অভিযানে গোষ্ঠীটির শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহসহ প্রথম সারির অনেক নেতা ও কমান্ডার নিহত হন এবং তাদের সামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
টানা নয় মাস সংঘাতের পর ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় পক্ষ যুদ্ধবিরতিতে গেলেও তা ছিল ভঙ্গুর। চুক্তির পরও দক্ষিণ লেবাননে একাধিকবার হামলা চালিয়েছে ইসরায়েল, পাল্টা জবাব দিয়েছে হিজবুল্লাহও।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের দুদিন পর আবারও লেবাননে হামলা শুরু করে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত সাড়ে তিন মাসে ইসরায়েলি হামলায় দেশটিতে ৩ হাজার ৯১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭৪৬ জন নারী, শিশু ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।
সূত্র: রয়টার্স
শু/সবা
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 






















