নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, প্রক্সি পরীক্ষার্থী সরবরাহ ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে জালিয়াতি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২০ জুন) দুপুরে রংপুর ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর ডিবি পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী এ তথ্য জানান। তিনি বলেন, গত শুক্রবার গভীর রাতে নগরীর ধাপ জেল রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— নগরীর কামাল কাছনা এলাকার তাওরাত আকরাম (২৭), সাতগাড়া এলাকার বাধন মিয়া (৩৭), ধাপ মোহাম্মদপুর এলাকার সাহেব আলী (২৬), বদরগঞ্জ উপজেলার আতিকুর রহমান (৩৪), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাফিজ আল মামুন (২০) ও আশরাফুল ইসলাম (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধাপ জেল রোড এলাকার আরজি ডায়াগনস্টিক সেন্টারের পাশের একটি ভবনের নিচতলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখানো হয়।
অভিযানে ১৫টি স্বাক্ষরিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প, বিভিন্ন ব্যাংকের ৮টি স্বাক্ষরিত ফাঁকা চেক, ৩টি জাতীয় পরিচয়পত্র, চাকরিপ্রার্থীদের ৪ জনের মূল সার্টিফিকেট এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে একজন প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক, যিনি আগেও একই ধরনের মামলায় গ্রেফতার হয়ে ৫২ দিন কারাভোগ করেছিলেন। আরেকজন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে বেকারত্বের কারণে চক্রের সঙ্গে যুক্ত হন।
উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, সম্প্রতি ডাক বিভাগের নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে চক্রটি সক্রিয় হয়ে ওঠে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী সরবরাহ এবং ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে জালিয়াতির কথা স্বীকার করেছে।
তিনি আরও জানান, চাকরিপ্রার্থীদের কাছ থেকে স্বাক্ষরিত স্ট্যাম্প, ফাঁকা চেক ও অর্থ নিয়ে প্রতারণা করত চক্রটি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রংপুর ব্যুরো: 
























