দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। লেবাননে ইসরায়েলের হামলাকে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের স্বাক্ষরিত চুক্তির লঙ্ঘন বলে উল্লেখ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানায়, সব ধরনের নৌযানের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে। শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আগ্রাসন অব্যাহত থাকলে শত্রুপক্ষকে তাদের বাধ্যবাধকতা পালনে বাধ্য করতে পরবর্তী পদক্ষেপও পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা হবে।
এদিকে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা যুদ্ধবিরতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও লেবাননের কোনো ভূখণ্ড দখলের চেষ্টা হলে তার জবাব দিতে দ্বিধা করবে না।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, গত রাতে দক্ষিণ লেবাননের নাবাতিয়াহর কাছে অগ্রসর হওয়া ইসরায়েলি সেনাদের ওপর তাদের যোদ্ধারা হামলা চালিয়েছে।
শুক্রবার রাত থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ইসরায়েল প্রথম থেকেই লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি বলেছে, তারা যুদ্ধবিরতি কঠোরভাবে মেনে চললেও শত্রুর প্রতারণা ও বিশ্বাসঘাতকতার ইতিহাস বিবেচনায় রেখে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
হিজবুল্লাহ আরও জানিয়েছে, যুদ্ধবিরতি বজায় রাখার পাশাপাশি ইসরায়েলের যেকোনো দখলদারিত্ব বা ভূখণ্ড সম্প্রসারণের প্রচেষ্টা প্রতিহত করতে তারা প্রস্তুত রয়েছে।
সূত্র: এএফপি
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 






















