রাজধানীর মিরপুরের ঢাকা–১৫ আসনের বিভিন্ন এলাকা বুধবার (১ জুলাই) যৌথভাবে পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও ওই আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। এ সময় তাঁরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা শোনেন এবং সমন্বিতভাবে সমাধানের আশ্বাস দেন।
সকালে ঢাকা–১৫ আসনের চারটি স্থানে আয়োজিত মতবিনিময় সভায় মিরপুরের বিভিন্ন এলাকায় ওয়াসার পানির তীব্র সংকট, গ্যাসের সমস্যা, এডিস মশা নিয়ন্ত্রণ, খাল দখল, জলাবদ্ধতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর গ্যাং এবং পরিচ্ছন্নতা নিয়ে স্থানীয়রা অভিযোগ তুলে ধরেন।
পানির সংকট নিরসনে পশ্চিম শেওড়াপাড়া ও মণিপুর এলাকায় ওয়াসার পাঁচটি গভীর নলকূপ (পাম্প) স্থাপনের উদ্যোগের কথা জানান তাঁরা। দ্রুত উপযুক্ত স্থান নির্ধারণে এলাকাবাসীর সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি বিরোধীদলীয় নেতা, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও উত্তর সিটির প্রশাসক নিজ নিজ তহবিল থেকে প্রতিটি পাম্প স্থাপনে ২০ লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন।
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদে উত্থাপিত বিষয়গুলো প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। এর ধারাবাহিকতায় সরকারি দল ও বিরোধী দলের প্রতিনিধিরা প্রথমবারের মতো একসঙ্গে এলাকায় এসে মানুষের সমস্যা শুনছেন।
তিনি বলেন, ঢাকা–১৫ আসনে পানির সংকট, গ্যাসের সমস্যা ও কিশোর গ্যাংসহ নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা শুধু সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে সমাধান সম্ভব নয়; জনগণকে সঙ্গে নিয়েই সরকারি ও বিরোধী দলকে একযোগে কাজ করতে হবে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিরোধীদলীয় নেতাকে সঙ্গে নিয়ে জনগণের সমস্যা শুনতে তাঁরা এলাকায় এসেছেন। সংশ্লিষ্ট সংস্থাগুলো অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেবে।
ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, সিটি করপোরেশন নিয়মিত বর্জ্য অপসারণ, এডিস মশা নিয়ন্ত্রণ, খাল পুনরুদ্ধার, নালা ও সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করছে। পরিচ্ছন্ন ও সবুজ নগর গড়ে তুলতে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
সকালে পশ্চিম শেওড়াপাড়ার ৩ নম্বর গলিতে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে তাঁরা বগারমার খাল পরিদর্শন করেন। এরপর পূর্ব মণিপুর বাইতুর রহিম জামে মসজিদ এলাকা, বাইশটেকী সরকারবাড়ি মোড় এবং ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পৃথক মতবিনিময় সভায় অংশ নেন।
এসব কর্মসূচিতে ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সবুজ বাংলা অনলাইন 














