ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনিকে ‘হত্যার জন্য চিহ্নিত’ করে রাখা হয়েছে—ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি সতর্ক করে বলেছেন, ইরানের নেতৃত্বের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি এলে তার জবাব হবে তাৎক্ষণিক ও কঠোর।
বুধবার (১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্তগুলো অত্যন্ত স্পষ্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের নেতাদের নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
আরাঘচি লেখেন, “ইসলামাবাদ সমঝোতা স্মারকের ধারাগুলো স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার। প্রেসিডেন্ট ট্রাম্প তার তেল আবিবের পোষা প্রাণীদের মুখ বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। যদি তারা তাদের মনিবের কথা না শোনে, তাহলে ইরান তাদের শিক্ষা দেবে।”
তিনি আরও বলেন, ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে কোনো ধরনের হুমকি বা আগ্রাসী পদক্ষেপ নেওয়া হলে তার বিরুদ্ধে শক্তিশালী প্রতিক্রিয়া জানানো হবে।
এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেন, ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনিকে ইসরায়েল ‘হত্যার জন্য চিহ্নিত’ করে রেখেছে।
উল্লেখ্য, টানা ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে পৌঁছায়। পরে দুই সপ্তাহ আগে উভয় দেশ ৬০ দিনের একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। ওই সমঝোতা অনুযায়ী, যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা একে-অপরের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলা চালাবে না।
সূত্র: আল জাজিরা
শু/সবা
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 


















